World Smile Day 2025
ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর উদ্দ্যোগে
বিশ্ব হাসি দিবস ২০২৫ World Smile Day 2025 উৎযাপন
ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর আয়োজনে ১৭ অক্টোবর শুক্রবার দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে যথাযথ মর্যাদায় র্যালি, সচেতনতা মূলক আলোচনা সভা ও কেক কেটে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে World Smile Day 2025 (বিশ্ব হাসি দিবস) উদযাপিত হয়।
এবছরের বিশ্ব হাসি দিবসের প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন স্মাইল ট্রেইন ডিডিএসএইচ ক্লেফ্ট প্রকল্প এর প্রকল্প পরিচালক এবং দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের চীফ প্লাস্টিক সার্জন প্রফেসর ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার। তিনি জানান "একটি হাসি বদলে দিতে পারে জীবন।" এই বার্তাটি অত্যন্ত সরল, অথচ গভীর, এই হাসিই আমাদের প্রেরণা, আমাদের দায়িত্ব, আমাদের মানবতার প্রতীক। এই স্লোগান কেবল মুখের নয়- এটি সমাজের হৃদয়ের ভাষা। দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল এবং দাতা সংস্থ্যা Smile
Train-এর কাজ সেই হাসিকে বাস্তব করে তুলছে। আমাদের প্রত্যেকটি সার্জারি, প্রতিটি থেরাপি, প্রতিটি পুনর্বাসন প্রক্রিয়া- সবই সেই এক কথার প্রতিচ্ছবি, মানবতার সেবা। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রয়াত সমাজসেবক চার্লস বি. ওয়াং এবং চিকিৎসক ড. উইলিয়াম মেইজেন-এর উদ্যোগে ১৯৯৯ সালে দাতা সংস্থ্যা Smile
Train প্রতিষ্ঠিত হয়। তাদের লক্ষ্য ছিল- যেন পৃথিবীর কোনো শিশু জন্মগত ঠোঁট বা তালুকাটা নিয়ে বঞ্চিত না থাকে, এবং চিকিৎসা পেতে দুর দেশে কোন ব্যয় সাপেক্ষ হাসপাতালে যেতে না হয়। ২৫ বছরের এই যাত্রায় Smile
Train এখন বিশ্বের সবচেয়ে বড় Cleft
Care সংস্থা, যার কার্যক্রম রয়েছে ৯৫টিরও বেশি দেশে এবং এখন পর্যন্ত তারা বিনামূল্যে সম্পন্ন করেছে ২০ লক্ষাধিক ক্লেফট সার্জারি।
বাংলাদেশে Smile
Train -এর কাজ শুরু হয় ২০০৬ সালে এবং ২০১০ সাল থেকে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে ২০১৯ সাল থেকে Smile
Train Dinajpur Diabetes & Swasthoseba Hospital Cleft Project (STDDSHCP) এর আওতায় বৃহৎ পরিসরে দিনাজপুর সহ পাশ্ববর্তী জেলার ঠোঁট ও তালু কাটা রোগীদের অপারেশন সহ সার্বিক সেবা কার্যক্রম চালু করা হয়।
ঠোঁট বা তালুকাটা কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসাযোগ্য এবং সেই চিকিৎসা স্মাইল ট্রেইন ও দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে। আমরা চাই প্রতিটি মা জানুক, তাঁর সন্তানের মুখে হাসি ফিরিয়ে আনা সম্ভব। আজকের এই দিনে আমরা একটাই অঙ্গীকার করতে চাই বাংলাদেশের কোনো শিশুর মুখ যেন হাসি ছাড়া না থাকে।
স্মাইল ট্রেইন ও দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল একসাথে কাজ করবে, যতদিন না অত্রাঞ্চলের প্রতিটি শিশুর মুখে ফুটে ওঠে এক নির্মল ও আত্মবিশ্বাসী সুন্দর হাসি। " এই লক্ষ্য অর্জনের জন্য আমরা শুধু সার্জারি নয়, একটি সমন্বিত, বহুমাত্রিক সেবা ব্যবস্থা (Comprehensive
Cleft Care) গড়ে তুলেছি, যেখানে- দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে ঠোঁট ও তালু কাটা রোগীদের জন্য সম্পূর্ন বিনামূল্যে সার্জারি, পুষ্টি সহায়তা, দন্ত চিকিৎসা ও অর্থোডন্টিক কেয়ার, মানসিক সহায়তা, অভিভাবক কাউন্সেলিং সহ সব কিছু একই ছাদের নিচে দেওয়া হচ্ছে।
